২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১২৭ কোটি টাকা আত্মসাত করা হয়েছে—এমন অভিযোগ তুলেছে রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশন। সংগঠনটির দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থ আত্মসাৎ করেছেন। শনিবার (০১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে ৩’শ জন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে গঠিত সংগঠন রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য ওহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নাম ব্যবহার করে এখনো বিদেশে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই অর্থ প্রকৃত সার্ভাইভারদের কাছে পৌঁছাচ্ছে না। যারা বাস্তবে এই দুর্ঘটনার শিকার, তারা কোনো ধরনের আর্থিক সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এ ধরনের কর্মকাণ্ডকে শ্রমিকদের সঙ্গে চরম প্রতারণা বলেও উল্লেখ করা হয়।তারা আরও জানান, দুর্ঘটনার এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বহু আহত ও নিহত শ্রমিকের পরিবার পূর্ণ ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত। অর্থসংকটের কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের নামে বিদেশে সব ধরনের অর্থ সংগ্রহ বন্ধ করা, সকল সার্ভাইভার ও নিহত শ্রমিকদের পরিবারকে পূর্ণ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, আহত ও পঙ্গু শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন, বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিদেশ থেকে সংগৃহীত অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ ও নিরপেক্ষ তদন্ত, রানা প্লাজা এম্বাসেডর ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো তহবিল বা প্রকল্প গ্রহণ না করা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, “রানা প্লাজার সার্ভাইভাররা কোনো দয়া চান না, তারা তাদের ন্যায্য অধিকার দাবি করছেন। এটি কোনো অনুগ্রহ নয়, বরং একটি মানবিক ও সাংবিধানিক অধিকার।”এসময় ভুক্তভোগীরা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।